বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোর–৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুলকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছেন বাঘারপাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ। উপজেলার শিক্ষা উন্নয়নে তাঁর অবদান ও শিক্ষাবান্ধব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শনিবার দুপুরে বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল বলেন, “শিক্ষার মান উন্নয়নে শিক্ষকরা হলেন জাতি গঠনের মূল কারিগর। একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষকদের হাত ধরেই।” তিনি শিক্ষকদের প্রতি শ্রেণিকক্ষে আন্তরিকতার সঙ্গে পাঠদান করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে শিক্ষিত করে মেধা বিকাশে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইমান উদ্দিন মিনা, প্রধান শিক্ষক কামরুজ্জামান, মনিরা খাতুন ও সহকারী শিক্ষক শরিফ মাসুদ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুদ্দুস আলী।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক সমাজের পক্ষ থেকে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হলে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।