বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়া উপজেলায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, যশোরে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর– ১৭/২৬। আদালত বাঘারপাড়া থানা ও সহকারী কমিশনার (ভূমি)-কে (এসিল্যান্ড) এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী উত্তর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মৃত কাসেম সর্দারের ছেলে মোঃ কামাল হোসেন। বিবাদী করা হয়েছে একই গ্রামের মৃত হাচেন আলীর ছেলে নূরুল ইসলাম সর্দারসহ অজ্ঞাতনামা আরও ১০-১১ জনকে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, বাঘারপাড়া থানাধীন ৮১ নম্বর উত্তর শ্রীরামপুর মৌজার আরএস ১১৮৮, ১১৮৯, ১১৯০, ১১৯১, ১১৯২ ও ১১৯৪ দাগভুক্ত সর্বমোট ১৮৭ শতক জমি আদালতের রায় ও আরএস রেকর্ড অনুযায়ী বাদীপক্ষের পূর্বপুরুষদের মালিকানাধীন সম্পত্তি। পরবর্তীতে ওয়ারিশ সূত্রে নামজারি সম্পন্ন করে ১৪৫০ নম্বর খতিয়ানে নাম অন্তর্ভুক্তির মাধ্যমে বাদীপক্ষ নিয়মিত খাজনা পরিশোধসহ দীর্ঘদিন ধরে জমিটি চাষাবাদ ও ভোগদখলে ছিলেন।
অভিযোগে বলা হয়, গত ০১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে বিবাদীপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নালিশী জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখল নেয় এবং বাদীপক্ষকে জমিতে প্রবেশে বাধা প্রদান করে। এছাড়া গত ২৯ মার্চ ২০২৬ তারিখে মামলা দায়েরের পর থেকে বাদী ও তার পরিবারের সদস্যদের গ্রাম ছাড়ার হুমকি এবং খুন-জখমের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উত্থাপন করা হয়েছে।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে বাদীপক্ষ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৮ ধারায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, যশোরে মামলা দায়ের করেন।
মামলায় নালিশী সম্পত্তির দখল পুনরুদ্ধারসহ বিবাদীপক্ষকে উচ্ছেদের আদেশ প্রার্থনা করা হয়েছে। আদালত তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।