বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের সীমাখালী বাজারে অবস্থিত মোবারক আলী ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে জারিকানে পেট্রল ও অকটেন বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়।
জানা যায়, মোবাইল কোর্ট পরিচালনাকালে জারিকানে তেল সরবরাহের প্রমাণ পাওয়ায় পাম্পের ম্যানেজার মেহেদী হাসানকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ফিলিং স্টেশনে আগত মোটরসাইকেল চালকদের কাগজপত্রও যাচাই-বাছাই করা হয় এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।