নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা থাকলেও যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, ওয়ারিশ কাম সার্টিফিকেট, নাগরিক সনদসহ বিভিন্ন প্রত্যয়নপত্র পেতে দিনের পর দিন পরিষদে ঘুরতে হচ্ছে তাদের। কোনো কোনো ক্ষেত্রে একটি সনদ পেতে সময় লাগছে এক থেকে দুই সপ্তাহ। এর পাশাপাশি সনদ সংগ্রহে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে। তবে অর্থ আদায়ের বিপরীতে দেওয়া হচ্ছে না কোনো রসিদ।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও নির্ধারিত সময়ে সনদ পাওয়া যাচ্ছে না। কখনো আজ, কখনো কাল—এভাবে একাধিকবার পরিষদে যাতায়াত করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে ওয়ারিশ সনদ কিংবা নাগরিক প্রত্যয়নপত্র নিতে গিয়ে বিপাকে পড়ছেন অনেকে। ব্যাংকিং কার্যক্রম, জমিজমা সংক্রান্ত কাজ ও সরকারি বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় এসব সনদ সময়মতো না পাওয়ায় ভোগান্তি বাড়ছে।
অভিযোগ রয়েছে, ওয়ারিশ কাম সার্টিফিকেটসহ বিভিন্ন প্রত্যয়নপত্রের আবেদন ফি বাবদ ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। কিন্তু টাকা নেওয়ার পর কোনো রসিদ দেওয়া হচ্ছে না। ফলে আদায় করা অর্থ কোন খাতে জমা হচ্ছে কিংবা এর সরকারি অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেবাপ্রার্থীরা। তাঁদের দাবি, সরকারি ফি নির্ধারিত থাকলে তা পরিষদে প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে এবং প্রতিটি অর্থ আদায়ের বিপরীতে রসিদ দিতে হবে।
সেবাপ্রার্থীদের আরও অভিযোগ, পরিষদে দায়িত্ব পালনকারীদের একাংশের আচরণও সন্তোষজনক নয়। প্রয়োজনীয় সেবা নিতে গিয়ে অনেক সময় সাধারণ মানুষ ভালো ব্যবহার পাচ্ছেন না। টাকা ছাড়া কোনো ধরনের সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। এতে নাগরিকদের মৌলিক সেবা পাওয়ার অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে, গত ২ নভেম্বর সোমবার থেকে ১১ নভেম্বর বুধবার পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের দেখা মেলেনি বলে অভিযোগ করেছেন সেবাপ্রার্থীরা। বর্তমানে ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে রয়েছেন যশোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন। তাঁর অনুপস্থিতিতে পরিষদের স্বাভাবিক সেবা কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে।ভুক্তভোগী নূর আলী বলেন, ওয়ারিশ কাম সার্টিফিকেট নেওয়ার জন্য গত ১০ দিন ধরে ইউনিয়ন পরিষদে ঘুরছেন। কিন্তু এখনো সনদ পাননি। কখনো পরিষদে গিয়ে গ্রাম পুলিশকে পাওয়া যাচ্ছে না, কখনো সংশ্লিষ্ট মেম্বারের দেখা মিলছে না। আর প্রশাসকের দেখা তো মিলছেই না। জরুরি কাজে ওয়ারিশ সনদ প্রয়োজন হওয়ায় বারবার পরিষদে আসতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। জনগণের প্রয়োজনে ইউনিয়ন পরিষদ, অথচ সেখানে দিনের পর দিন ঘুরতে হলে সাধারণ মানুষ সেবা পাবে কোথায়?এ বিষয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদের সচিব ডালিয়া বেগম বলেন, দীর্ঘদিন ধরে পরিষদে নির্বাচিত চেয়ারম্যান না থাকায় প্রশাসনিক কার্যক্রমে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের যশোর সদর উপজেলা কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রশাসকের দায়িত্ব পালন করছেন। চেয়ারম্যান না থাকায় নাগরিক সেবা প্রদানে কিছুটা ভোগান্তি হচ্ছে।
অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো. নাসির উদ্দিনের বক্তব্য জানতে বুধবার (১১ নভেম্বর) একাধিকবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে বারবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
জনগণের করের টাকায় পরিচালিত ইউনিয়ন পরিষদ নাগরিকদের সেবা পাওয়ার একটি সরকারি প্রতিষ্ঠান। সেখানে সনদ পেতে দিনের পর দিন অপেক্ষা, রসিদ ছাড়া অর্থ আদায় এবং সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উদ্বেগজনক। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, রসিদ ছাড়া অর্থ আদায় বন্ধ, সরকারি ফি প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত