নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, চন্ডিদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বাসমতি চাল, সেগুন কাঠ, মেলানন এক্সএল ক্রিম, পারমেথ্রিন লোশন, গরু, গাঁজা ও মদ। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা। তবে অভিযানে কোনো মালিককে আটক করার তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনায় এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
তথ্যসূত্র: ৬০ বিজিবি মিডিয়া উইং, সুলতানপুর, ব্রাহ্মণবাড়িয়া।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত