যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইউনিয়নবাসী। রবিবার (১৫ নভেম্বর) রায়পুর ইউনিয়নবাসীর পক্ষে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ স্মারকলিপি প্রদান করেন মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রায়পুর ইউনিয়নে নিজস্ব কোনো ভূমি অফিস না থাকায় জমিজমা-সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা গ্রহণের জন্য স্থানীয় বাসিন্দাদের পার্শ্ববর্তী নারকেলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে যেতে হয়। এতে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে দূরত্ব, সময় ও অর্থ ব্যয়সহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।
এতে আরও বলা হয়, ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রায়পুর ইউনিয়নে একটি স্থায়ী ভূমি অফিস স্থাপন করা অত্যন্ত জরুরি। ইতোমধ্যে ভূমি অফিস স্থাপনের জন্য ২৭ শতক জমি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় জমি বরাদ্দ থাকা সত্ত্বেও স্থায়ী ভূমি অফিস স্থাপনের কার্যক্রম বাস্তবায়িত না হওয়ায় ইউনিয়নবাসীর মধ্যে অসন্তোষ রয়েছে। স্মারকলিপিতে রায়পুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং ভূমিসেবা সহজলভ্য করতে দ্রুত স্থায়ী ভূমি অফিস স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর শুক্রবার রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে বাজারের প্রধান সড়কে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন করেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ। মানববন্ধন থেকে দ্রুত ভূমি অফিস স্থাপনের দাবি জানানো হয়।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত