
শহিদুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের অভিযানে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ধলগা বাজার এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি প্রাইভেট কার তল্লাশি করে ২৩ বোতল ব্লাক হুইস্কি, ৩৬ বোতল ব্লো হুইস্কি এবং ৩৬ বোতল ম্যাকডাওয়েলস লাক্সারি হুইস্কি উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর জেলার মধুখালী থানার আরপাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোঃ মোক্তার হোসেন (৪৮) এবং পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার মোঃ সেকেন্দার আলীর ছেলে প্রাইভেট কারচালক মোঃ রাজ্জাক মৃধা (৫০)।
উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধার করা মাদক ও প্রাইভেট কারসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় এসআরবির অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত