হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি: বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার বিপুল পরিমাণ নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণের বাটি ও চামচ। শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া রেকর্ড ৫১ বস্তা টাকা গণনার সময় এসব স্বর্ণালংকারের সন্ধান মেলে।
সকাল ৭টার দিকে মসজিদের ১০টি স্থায়ী লোহার দানবাক্স এবং অতিরিক্ত পাঁচটি টিনের বাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিয়ে সকাল ৯টা থেকে গণনার কাজ শুরু হয়।
গণনার একপর্যায়ে স্বর্ণের বাটি ও চামচ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গণনার প্রথম তিন ঘণ্টায় দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা গণনা সম্পন্ন হয়েছে। গণনা করা অর্থ নিরাপত্তার মধ্য দিয়ে রূপালী ব্যাংকের নির্ধারিত হিসাবে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
উল্লেখ্য, প্রায় চার মাস ২৪ দিন পর এবার পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছে। বিপুল পরিমাণ অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়ায় দেশজুড়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
তবে সব টাকা গণনা শেষ না হওয়া পর্যন্ত মোট দানের পরিমাণ নিশ্চিতভাবে জানা যাচ্ছে না।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত