মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব নিঃসন্দেহে গৌরবের। তবে এসব খেতাবের চেয়েও বড় অর্জন হলো স্বাধীনতার জন্য লড়াই করে একটি জাতিকে বিজয়ের গৌরব এনে দেওয়া। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা জাতির ইতিহাসে অনন্য ও অসাধারণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মহান মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার। লাখো মানুষের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং বহু মানুষের আহত ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ।
তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মাননা ও সম্মানী প্রদানের প্রসঙ্গে তারেক রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব। তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায়িত্ব পালনের চেষ্টা করছে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকে গভীরভাবে আন্দোলিত করে। এ সময় মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের কথাও স্মরণ করেন তিনি।
মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকারের অতীত উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন ছিল একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।
বয়সের ভারে ন্যুব্জ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, জীবনের শেষ প্রান্তে এসেও তাঁদের চোখে স্বাধীনতার স্বপ্ন ও দীপ্তি জ্বলজ্বল করছে। জীবন্ত কিংবদন্তি এসব বীরকে প্রতিবছর আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর উদ্যোগ নেওয়ায় সশস্ত্র বাহিনী বিভাগকে ধন্যবাদ ও প্রশংসা জানান তিনি।
ভবিষ্যৎ অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাহস ও আত্মত্যাগে অর্জিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, সরকারের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের কল্যাণে সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত