বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: একদিকে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে ধানের ক্ষতি, অন্যদিকে সেচ পাম্পের দুটি ট্রান্সফরমার চুরি। এমন পরিস্থিতিতে আসন্ন সেচ মৌসুম নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের গলগলিয়া শুকদেবনগর বিলের কৃষকেরা।
রবিবার (২২ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা গলগলিয়া শুকদেবনগর বিলের সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে কৃষকদের সেচ পাম্পের দুটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। সকালে মাঠে গিয়ে ট্রান্সফরমার না পেয়ে হতবাক হয়ে পড়েন সংশ্লিষ্ট কৃষকেরা। ঘটনাস্থলে ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা গেছে।
ভুক্তভোগী কৃষক মুবাশ্মের ও মুহাদ্দেশ আলী জানান, নিজেদের অর্থায়নে ট্রান্সফরমার দুটি কিনে তারা কৃষকদের জমিতে সেচের পানি সরবরাহের ব্যবস্থা করেছিলেন। প্রতিদিনের মতো সকালে মাঠে গিয়ে দেখেন, তাদের সেচ পাম্পের দুটি ট্রান্সফরমারই চুরি হয়ে গেছে।
ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তারা বলেন, নিজেদের টাকায় ট্রান্সফরমার কিনে এতদিন কৃষকদের সেচের ব্যবস্থা করে আসছি। এখন দুটি ট্রান্সফরমারই চুরি হয়ে যাওয়ায় আমরা অসহায় হয়ে পড়েছি। নতুন করে ট্রান্সফরমার কেনার মতো অর্থও আমাদের হাতে নেই।
কৃষকেরা আরও বলেন, টানা দুই দিনের ভারী বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে ট্রান্সফরমার চুরি হওয়ায় সামনে সেচ মৌসুমে কীভাবে জমিতে পানি দেব, তা বুঝতে পারছি না। আমাদের পাশাপাশি এলাকার অন্য কৃষকেরাও বিপাকে পড়বেন।
এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাঘারপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সোহানুর রহমান বলেন, সামনে সেচ মৌসুম। এ সময়ে কৃষকদের সেচের ট্রান্সফরমার চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অফিসিয়ালভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত ট্রান্সফরমার দুটি পুনঃস্থাপন করা না গেলে আসন্ন সেচ মৌসুমে জমিতে পানি সরবরাহ ব্যাহত হতে পারে। এতে ফসল উৎপাদন ও কৃষিকাজে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় চুরি হওয়া ট্রান্সফরমার দুটি উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং কৃষকদের সেচ কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত