যশোরের কেশবপুরের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, গ্রেপ্তারের পর আজিজুল ইসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ৩৩ বছর বয়সী এই সাবেক সংসদ সদস্যের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আজিজুল ইসলাম। ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারকে পরাজিত করেন।
রাজনৈতিক জীবনে আজিজুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি যশোর জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।আজিজুল ইসলামের বিরুদ্ধে কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের ওপর হামলা, মারধর ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে মামলা হয়েছিল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলার কথা জানিয়েছে পুলিশ।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত