
পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কার্যক্রমের আওতায় সারা দেশে বাজারমূল্যের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করা হবে। রোজার বিশেষ দুটি পণ্য হিসেবে ছোলা প্রতি কেজি ৬০ টাকা এবং খেজুর ১৬০ টাকা দরে পাওয়া যাবে। এছাড়া ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি ৮০ টাকা এবং মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) এই বিক্রয় কার্যক্রম চলবে
টিসিবি জানিয়েছে, প্রতিদিন প্রতিটি ট্রাকের মাধ্যমে প্রায় ৪০০ জন নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হবে। ট্রাকসেলের মাধ্যমে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে প্রায় ২৩ হাজার টন পণ্য বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ ট্রাক থেকে এসব পণ্য সাধারণ ক্রেতারাও কিনতে পারবেন। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা এবং বরাদ্দ সাপেক্ষে এক থেকে দুই কেজি খেজুর কিনতে পারবেন।
এছাড়া ফ্যামিলি কার্ডধারীদের জন্য নিয়মিত বিক্রয় কার্যক্রমও চালু থাকবে। কার্ডধারী পরিবারগুলোর জন্য ভর্তুকিমূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের নির্ধারিত পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে। রমজানে তাদের জন্যও ছোলা ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দামে বিক্রি করা হবে।
প্রতিদিন ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫০টি, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২০টি এবং দেশের আরও সাতটি মেট্রোপলিটন এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এছাড়া অবশিষ্ট ৫৫ জেলায় পাঁচটি করে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই কর্মসূচি পরিচালিত হবে।