
বাঘারপাড়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এমপি অধ্যাপক গোলাম রসুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) ভূপালী সরকারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি সেবার মান বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” তিনি সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাঘারপাড়া উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বাঘারপাড়া উপজেলা পরিষদের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।