
যশোরের বাঘারপাড়া উপজেলায় বাস ও ইটবোঝাই টলির (ইঞ্জিন চালিত লাটা) মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে ঢাকা–মাগুরা মহাসড়কের বাঘারপাড়া থানাধীন ভাটার আমতলা এলাকায় বন্দবিলা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন হানিফ (১৮), পিতা রানা। আহতরা হলেন আশিক (২৫), পিতা হোসেন আলী এবং কবির (৩০), পিতা বসির শেখ। তারা সবাই মাগুরা জেলার শালিখা থানার শতখালি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা ঢাকা-মাগুরাগামী একটি বাস (রেজি: যশোর-ব-১১-০০৮২) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই টলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টলিতে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও বাঘারপাড়া থানা খাজুরা ক্যাম্পের ইনচার্জের সহযোগিতায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহত আশিককে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপর আহত কবিরকে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
বর্তমানে আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।