
গত ১২ নভেম্বর দেওয়া লিখিত আবেদনে অভিযোগকারী উল্লেখ করেন, বাঘারপাড়া মৌজার ৬৩৪ নম্বর খতিয়ানের আরএস ১৩৬৫ নম্বর দাগে তাঁর ১ দশমিক ৮৬ শতাংশ জমি রয়েছে। এর পাশেই ১৩৬৭ নম্বর দাগে চিত্রা নদীর পাড়ের সরকারি জায়গা অবস্থিত।
অভিযোগ অনুযায়ী, ওই জমির পাশের নদীর পাড়ের আনুমানিক চার থেকে পাঁচ শতাংশ জায়গা পাকা পিলার বসিয়ে ঘেরাওয়ের চেষ্টা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিব। বিষয়টি জানিয়ে গত ১৬ অক্টোবর ইউএনওর কাছে অভিযোগ করেন জমির মালিক। পরে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মাধ্যমে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে পিলার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলে তিনি তা সরিয়ে নেন।
তবে অভিযোগকারীর দাবি, পিলার সরানোর কয়েক দিন পর একই জায়গায় আবারও নেট জাল দিয়ে ঘেরাও করা হয়েছে। এতে নদীর পাড়ের সরকারি জায়গা পুনরায় দখলের চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে হাবিব সাংবাদিকদের বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে নদীর পাড়ের ওই জায়গায় চাষাবাদ করে আসছেন। প্রশাসন চাইলে জায়গা ছেড়ে দেবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, সরকারি জায়গা দখল করে কেউ ঘেরাও করে রাখলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি নদীর পাড়ের জায়গার সীমানা নির্ধারণ ও দখলের অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।