
মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের নরপতি গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোবিন্দ রায়ের বসতঘর, আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্রসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত গোবিন্দ রায়।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নরপতি গ্রামের ইউপি সদস্য কুমুদের বাড়িতে একটি অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে এলাকার অন্যদের সঙ্গে গোবিন্দ রায়ের পরিবারের সদস্যরাও যোগ দেন। এরই মধ্যে সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। বিদ্যুৎ আসার কিছুক্ষণ পরই গোবিন্দ রায়ের বাড়িতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে বসতঘর, আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র, পোশাকসহ ঘরে থাকা প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে দাবি পরিবারের।
এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও সহায়-সম্বল হারিয়ে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।