
যশোরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার পরও একের পর এক মামলায় আসামি করে হয়রানির অভিযোগ তুলেছেন জহিরুল ইসলাম তানভীর নামে এক মাছ ব্যবসায়ীর পরিবার। সর্বশেষ গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে বলে দাবি করেছেন তারা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তানভীরের স্ত্রী মোছা. রানী বেগম লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন। জহিরুল ইসলাম তানভীর যশোর সদর উপজেলার চাঁচড়া রায়পাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে। তিনি চাঁচড়া-বাবলাতলা সড়কের পাশে মাছের ব্যবসা করেন।লিখিত বক্তব্যে রানী বেগম দাবি করেন, তার স্বামী কোনো রাজনৈতিক দলের সদস্য নন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত নন। তা সত্ত্বেও ২০২৫ সালের ৫ আগস্টের পর থেকে তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর সেনাবাহিনীর সদস্যরা তানভীরকে বাড়ির সামনে থেকে আটক করে মারধর করেন। পরে তাকে ও তার মামাকে থানায় নেওয়া হয়। সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে পরিবারের দাবি।
সংবাদ সম্মেলনে তানভীরের শারীরিক অসুস্থতার বিষয়টিও তুলে ধরা হয়। পরিবারের দাবি, গত ১৪ অক্টোবর পুকুরপাড়ে হাঁটার সময় দুর্ঘটনায় তার ডান হাঁটুর পেছনের পিসিএল লিগামেন্ট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকের পরীক্ষায় তৃতীয় মাত্রার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। তার চিকিৎসায় আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আরও ২১ জনের সঙ্গে তানভীরকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী।পরিবারের দাবি, তানভীরের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মামলাটির নিরপেক্ষ তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।সংবাদ সম্মেলনে রানী বেগম জানান, তার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের দুই ছেলে রয়েছে। বড় ছেলে তানজিমুল উম্মাহ মাদ্রাসায় পড়াশোনা করে। স্বামীর চিকিৎসা, সন্তানদের পড়াশোনা ও সংসারের ব্যয় নির্বাহ করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে।
রানী বেগম বলেন, তাঁর স্বামী কোনো অপরাধ করে থাকলে আইন অনুযায়ী বিচার হোক। তবে নিরপরাধ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়। তিনি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রকৃত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে, খোঁজ নিয়ে জানা যায় ২০২৩ সালে তানভীরের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।
এ বিষয়ে বক্তব্য নিতে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভাব হয়নি।