1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে আলতাফ হোসেনের নেতৃত্বে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল উইনকেরিক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প। শিক্ষকতা জীবনের বর্ণাঢ্য অধ্যায় শেষ: মণিরামপুরে প্রধান শিক্ষক হোসনেয়ারাকে আবেগঘন বিদায় সাতক্ষীরায় সুপারির বাণিজ্যে নতুন সম্ভাবনা, বছরে ২২ কোটি টাকার উৎপাদন কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্তের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি অভয়নগরে ১০ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার মাগুরায় কাত্যায়নী পূজার ১০৬ মণ্ডপে জোরদার হচ্ছে নিরাপত্তা, সিসিটিভির আওতায় আনার উদ্যোগ মাগুরা প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন যশোরে গাছের ডালে ‘সোনার খনি’! লাক্ষা পোকার রজন ঘিরে নতুন বাণিজ্যের সম্ভাবনা, নির্বিচারে ডাল কাটায় রেন্টি গাছের অস্তিত্ব নিয়ে শঙ্কা বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মহাসিন বিশ্বাস গ্রেপ্তার।

মাগুরায় কাত্যায়নী পূজার ১০৬ মণ্ডপে জোরদার হচ্ছে নিরাপত্তা, সিসিটিভির আওতায় আনার উদ্যোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরায় শ্রীশ্রী কাত্যায়নী পূজা-২০২৬ উপলক্ষে জেলার ১০৬টি পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা। অন্যদিকে, পূজামণ্ডপে বিদ্যুৎ সংযোগের আবেদন পাওয়ার এক ঘণ্টার মধ্যে মিটার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে ওজোপাডিকো।
মঙ্গলবার (১০ নভেম্বর) মাগুরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে কাত্যায়নী পূজা উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত ও আশ্বাসের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
সভায় জেলা পরিষদের প্রশাসক, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক কিজিল খান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অগ্নিনিরাপত্তা, বিদ্যুতের নিরাপদ ব্যবহার ও শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটির নেতারা তাঁদের সমস্যা তুলে ধরে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বিধান কুমার বিশ্বাস সাকিব আল হাসানের বসতবাড়ি এলাকা এবং দোয়ারপাড় গির্জা এলাকায় ছিনতাই, অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক বিক্রির অভিযোগ তুলে ধরে এসব এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। শালিখার গোবিন্দ চন্দ্র বিশ্বাসও তাঁর এলাকায় পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবলু ঠাকুর জানান, আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর তাঁদের পূজা অনুষ্ঠিত হবে। এ সময় নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে চাউলিয়া বাসস্ট্যান্ডের চারটি বাস কাউন্টার বিকেল ৪টা থেকে ভোর পর্যন্ত অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান তিনি।
শ্রীপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্যসচিব অমল সাহা বলেন, পূজার অনুষ্ঠান অনেক সময় রাত পর্যন্ত চলে। তাই শ্রীপুর থেকে মাগুরায় যাতায়াতের আঠারোখাদা সড়কে নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন প্রয়োজন। জেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান রাত ১১টার পর মাইকিং বন্ধ রাখার প্রস্তাব দেন। তবে মেলা চলাকালে প্রয়োজনীয় ঘোষণা প্রচারের বিষয়টিও আলোচনায় আসে।
আনসার-ভিডিপির প্রতিনিধি মোহাম্মদ রোকনুজ্জামান জানান, আগের মতো এবারও পূজামণ্ডপগুলোতে আনসার-ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবেন। ফায়ার সার্ভিসের প্রতিনিধি জামাল উদ্দিন অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পূজামণ্ডপে নিম্নমানের বৈদ্যুতিক তার ও সরঞ্জাম ব্যবহার না করার আহ্বান জানান। শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে মানসম্মত সরঞ্জাম দিয়ে আলোকসজ্জা এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করেন। পাশাপাশি বিদ্যুৎ সংযোগের আবেদন পাওয়ার এক ঘণ্টার মধ্যে মিটার স্থাপনের প্রতিশ্রুতি দেন।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস বলেন, কাত্যায়নী পূজা মাগুরার ঐতিহ্যবাহী ও বহুল প্রচলিত ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। দেশের বিভিন্ন স্থানের রাজনৈতিক কর্মসূচি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রভাব যেন মাগুরার সম্প্রীতি ও উৎসবের পরিবেশে না পড়ে, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, সভায় বিভিন্ন পর্যায়ের নেতারা যেসব পরামর্শ ও দাবি জানিয়েছেন, সেগুলো বিবেচনায় নিয়ে পূজার নিরাপত্তা পরিকল্পনা করা হবে। পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। এ ছাড়া প্রশাসন, পুলিশ, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও আনসার-ভিডিপিসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সম্মিলিত উদ্যোগে মাগুরার ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার।
সভায় জানানো হয়, ২০২৬ সালে মাগুরা জেলায় মোট ১০৬টি পূজামণ্ডপে কাত্যায়নী পূজার আয়োজন করা হবে। এর মধ্যে মাগুরা পৌরসভা এলাকায় রয়েছে ২১টি মন্দির ও পূজামণ্ডপ। শিবরামপুর, বাটিকাডাঙ্গা, শ্যামাবাবুর বটতলা, স্মৃতি সংঘ, জামরুলতলা ও সাতদোহাসহ বিভিন্ন এলাকায় এসব পূজামণ্ডপ অবস্থিত।
সভাটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খায়রুল হাসান পিপিএম-সেবা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট