1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলা, দগ্ধ চালকসহ আহত ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যান লক্ষ্য করে পেট্রোল বোমা সদৃশ বিস্ফোরক নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুনে দগ্ধ হয়েছেন গাড়িটির চালক রাজিব (৪৫)। এ ছাড়া ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন তাঁর সহকারী হৃদয় (৪০)। হামলার পর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রাজিব ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তাঁর সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে। তাঁরা দুজনই বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরের উদ্দেশে আসছিল কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭)। ভোরে হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে সড়কের পাশের একটি কলাবাগান থেকে চার-পাঁচজন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা সদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে।

নিক্ষিপ্ত বিস্ফোরকের একটি কাভার্ড ভ্যানের বডিতে আঘাত করে। অন্যটি খোলা জানালা দিয়ে চালকের কেবিনে প্রবেশ করে বিস্ফোরিত হয়। এতে চালকের কেবিনে আগুন ছড়িয়ে পড়ে। আকস্মিক হামলায় চালক রাজিব নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের একটি বাগানে ঢুকে যায়।

ঘটনার খবর পেয়ে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যরা আহত চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. মাশহারুল হক ইমন জানান, আগুনে চালক রাজিবের মুখমণ্ডল, পিঠ ও হাতের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁর শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। অন্যদিকে ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের মুখ ও হাতে ক্ষত সৃষ্টি হয়েছে। দুজনকেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, চলন্ত কাভার্ড ভ্যানে হামলার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এদিকে হামলার পর কিছু সময় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে যশোর-নড়াইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট