
মোঃ আব্দুর রাজ্জাক বিশেষ প্রতিনিধি:জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হন্তনাবাদ এলাকার একটি ধানক্ষেত থেকে নুর মোহাম্মদ রাব্বি (১৩) নামে এক কিশোরের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় এক ব্যক্তি ধানক্ষেতে কিশোরের লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুর মোহাম্মদ রাব্বি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব গ্রামের খলিলুর রহমান ওরফে সাদ্দাম হোসেনের ছেলে।
লোকমুখে খবর পেয়ে নিহতের খালা তাহিমা ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে রাব্বির লাশ শনাক্ত করেন। তারা জানান, রাব্বি গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের সদস্যরা শিবগঞ্জ থানায় নিখোঁজের একটি ডায়েরি করেন। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং মরা দেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।