
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাঘারপাড়া উপজেলা থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে ১১ দলীয় ঐক্য, বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “বিগত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদকে মানুষ বিতাড়িত করেছিল অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে দেশ একটি নতুন বাংলাদেশ ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখেছিল। কিন্তু বর্তমানে আবারও নতুন ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেখা দিচ্ছে। জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, যা দেশের জনগণ কখনো মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের মূল উদ্দেশ্য ছিল দেশে আর কখনো যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে। সে লক্ষ্যেই সব রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নে একমত হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ উঠছে এবং মানুষের স্বাধীনভাবে কথা বলা ও চলাফেরার পরিবেশ নিশ্চিত হয়নি।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে হবে, শান্তিপূর্ণভাবে বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে এবং জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান জানাতে হবে। দেশের ৭০ শতাংশ মানুষের ভোটের রায় বাস্তবায়ন করতে হবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরও একটি গণআন্দোলন গড়ে তোলা হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আব্দুল আলীম, মাওলানা জিল্লুর রহমান, জামায়াতে ইসলামীর বাঘারপাড়া পৌর আমীর সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্রশিবির বাঘারপাড়া উপজেলা সভাপতি সাইদুল ইসলাম, এনসিপির বাঘারপাড়া উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং বাঘারপাড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী মতিউর রহমানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।