
মো: নুরুল করিম, শরীয়তপুর প্রতিনিধি ( ২৫ নভেম্বর ২০২৬ – বুধবার)
শরীয়তপুর সদর উপজেলার চৌরঙ্গী বড় ব্রিজের সামনে তিন বছর বয়সী শিশু তোহাকে কোলে নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে রাশেদ গাজী নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। গত ২৫ নভেম্বর বুধবার বিকেলে এ ঘটনা ঘটে এবং এ সময় অভিযুক্তের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার বাসিন্দা আলমগীর হোসেন তাঁর অসুস্থ স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে আসেন। বিকেলে স্ত্রীর জন্য ওষুধ কিনতে তিনি হাসপাতাল থেকে নিচে নেমে সামনের একটি চায়ের দোকানে যান এবং তাঁর পেছন পেছন তিন বছরের মেয়ে তোহাও নিচে নেমে আসে। ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, চায়ের দোকানের পাশে অবস্থানকালে অভিযুক্ত যুবক আরেকজনের সঙ্গে কথা বলে দৌড়ে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেয় এবং জানতে চাইলে শিশুটিকে নিজের মেয়ে বলে দাবি করে হাঁটা শুরু করে। এ সময় ১৫ বছর বয়সী বড় বোন বিষয়টি টের পেয়ে চিৎকার ও ডাক দিলে বাবা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন এবং স্থানীয়দের সহায়তায় যুবককে ধরে ফেলেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাশেদ গাজীকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় এক ব্যক্তি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তাঁরা ও বড় বোন না থাকলে শিশুটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো, এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত চক্রটিকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।