
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন শুধু অর্থ-সম্পদ কিংবা ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা অর্জন করাই প্রকৃত সার্থকতা। কেউ মানুষের মনে বেঁচে থাকেন তাঁর ভালো কাজের মধ্য দিয়ে, কেউ রেখে যান মানবতার এমন এক দৃষ্টান্ত, যা পরবর্তী প্রজন্মকে পথ দেখায়। তেমনই এক মানবিক উত্তরাধিকারের নাম ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’। বাবার শিক্ষা, আদর্শ ও মানুষের প্রতি ভালোবাসাকে বুকে ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উদ্যোগ গড়ে তুলেছেন তাঁর সন্তানেরা।
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত এ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি অল্প সময়েই স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, অসহায় মানুষের চিকিৎসার ব্যয় বহন, বাসস্থানহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, ক্রীড়াঙ্গনে সহযোগিতা এবং মাদকমুক্ত সমাজ গঠনে নানা উদ্যোগের মাধ্যমে ফাউন্ডেশনটি হয়ে উঠেছে অনেক অসহায় মানুষের ভরসার ঠিকানা।
প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনটির কার্যক্রমে ফুটে উঠেছে মানবিকতার নানা গল্প। কারও মুখে ফিরেছে হাসি, কেউ পেয়েছেন চিকিৎসার সহযোগিতা, আবার কেউ পেয়েছেন নিরাপদে মাথা গোঁজার আশ্রয়। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রবীণদের সম্মানিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করেও প্রশংসা কুড়াচ্ছে প্রতিষ্ঠানটি।
গত ১৬ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফাউন্ডেশনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এ উপলক্ষে ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণীজন এবং ২০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। প্রবীণদের সম্মান এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করার এ আয়োজন এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করে। ফাউন্ডেশন পরিচালনার জন্য রয়েছে ১১ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ।
এ মানবিক উদ্যোগের পেছনে রয়েছে একজন শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মানুষের জীবনের গল্প। জামদিয়া ইউনিয়নের তেঘরি গ্রামের মোদাচ্ছের আলী বিশ্বাসের ছেলে মহিউদ্দিন বিশ্বাস ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষানুরাগী, মানবতাবাদী ও রাজনীতিবিদ। এলাকার শিক্ষা বিস্তারে তাঁর অবদান আজও মানুষের স্মৃতিতে অমলিন।
শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি নিজের পৈতৃক জমি দান করে প্রতিষ্ঠায় সহযোগিতা করেন ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয়, ভিটাবল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভিটাবল্লা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং নিজ গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বাঘারপাড়া উপজেলায় বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নিজের পাঁচ সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছিলেন মহিউদ্দিন বিশ্বাস। বড় মেয়ে দিলারা বেগম বিএ পাস। আরেক মেয়ে তহমিনা বেগম বিএ পাস করে বর্তমানে তেঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। বড় ছেলে মাজহারুল ইসলাম খোকন ইসলামি শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে ভিটাবল্লা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করছেন। মেজ ছেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি (সিএ) সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত। ছোট ছেলে ইফতেহাদুল ইসলাম শিমুল ব্যারিস্টারি সম্পন্ন করে লন্ডনের একটি ল ফার্মে কাজ করছেন।
বাবার রেখে যাওয়া সেই মানবিক আদর্শকে মানুষের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় থেকেই ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয় ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’। শুধু একটি প্রতিষ্ঠানের নামের মধ্যে বাবার স্মৃতি ধরে রাখা নয়, বরং তাঁর ভালো কাজের ধারাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়াই সন্তানদের মূল লক্ষ্য।
ফাউন্ডেশনের সহায়তায় উপকৃত হওয়া মানুষের কথায় উঠে এসেছে প্রতিষ্ঠানটির মানবিক কর্মকাণ্ডের বাস্তব চিত্র। বাকড়ী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক উজ্জ্বল বিশ্বাস বলেন, “অবসরের পর অনেকেই আর আমাদের খোঁজ রাখেন না। কিন্তু মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন আমার মতো অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণীজনকে সম্মানিত করেছে। তাদের সামাজিক কর্মকাণ্ডে আমি সত্যিই অভিভূত।”
দাদপুর গ্রামের ফুল মিঞা, বাররা গ্রামের অসচ্ছল আব্দুল ওহাব এবং জামদিয়া গ্রামের আব্দুল হামিদ জানান, জীবনের নানা বিপদ-আপদে ফাউন্ডেশনের কাছে সহযোগিতা চাইলে তাঁরা আর্থিক সহায়তা পেয়েছেন। তাঁদের কাছে প্রতিষ্ঠানটি শুধু একটি সংগঠন নয়, বরং বিপদের সময় পাশে দাঁড়ানোর মতো একটি নির্ভরতার জায়গা। এ সময় তাঁরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম খোকনের জন্য দোয়া করেন।
আদমপুর গ্রামের বিধবা ফুলজান বেগমের জীবনে ফাউন্ডেশনের সহযোগিতা এনে দিয়েছে নতুন আশ্রয় ও নিরাপত্তা। একসময় মাথা গোঁজার ঠাঁই ছিল না তাঁর। ফাউন্ডেশনের সহায়তায় এখন নিশ্চিন্তে ঘুমাতে পারেন তিনি। আবেগাপ্লুত কণ্ঠে ফুলজান বেগম বলেন, “একসময় আমার থাকার মতো কোনো জায়গা ছিল না। এই ফাউন্ডেশনের সহযোগিতায় এখন মাথা গোঁজার ঠাঁই হয়েছে। এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। তাদের এই উপকার কোনো দিন ভুলব না।”
ফাউন্ডেশনের চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাজহারুল ইসলাম খোকন বলেন, এলাকার মুরুব্বিদের পরামর্শ ও সহযোগিতায় ২০২৫ সালে ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা হয়। উদ্দেশ্য, তাঁর বাবার শিক্ষা, আদর্শ ও মানবিক কর্মকাণ্ডের স্মৃতি ধরে রাখা এবং সেই আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার বছর থেকেই তেঘরি-ভিটাবল্লা এলাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম তিনজন মেধাবী শিক্ষার্থীকে প্রতিবছর এককালীন বৃত্তি দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে পুরো ইউনিয়নে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও নগদ অর্থ সহায়তা, অসহায় মানুষের চিকিৎসার ব্যয় বহন, মসজিদ, মাদ্রাসা ও মন্দির সংস্কারে আর্থিক সহযোগিতা এবং এলাকার বিভিন্ন খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এসব মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের এ মানবিক কার্যক্রম একদিন জামদিয়া ইউনিয়নের গণ্ডি পেরিয়ে পুরো বাঘারপাড়া উপজেলায় ছড়িয়ে পড়বে। আরও বেশি অসহায় মানুষ পাবে সহযোগিতা, শিক্ষার্থীরা পাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, আর সমাজে প্রতিষ্ঠিত হবে সহমর্মিতা ও মানবিকতার বন্ধন।
একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলেও তাঁর ভালো কাজ কখনো হারিয়ে যায় না। সেই কাজের সুফল যখন অসহায় মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনে, তখন তিনি বেঁচে থাকেন মানুষের হৃদয়ে। মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের কার্যক্রম যেন সেই মানবিক সত্যেরই প্রতিফলন—বাবার আদর্শকে বুকে ধারণ করে মানুষের মুখে হাসি ফোটানোর এক নিরন্তর প্রয়াস।