
স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডরিনের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
২৪ বছর বয়সী ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার বাবা আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন সাবেক এই সংসদ সদস্য। পরে কলকাতার একটি বাড়িতে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় কলকাতায় একটি মামলা হয়।
বাবার হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন ডরিন। হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিভিন্ন দপ্তরে যোগাযোগও করেন তিনি। ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশে গ্রেপ্তার করা হয় আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমানকে। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পরিকল্পনায় ছিলেন আনারের বাল্যবন্ধু আখতারুজ্জামান ওরফে শাহীন।
তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর মামলার তদন্তে গতি কমে আসে। একপর্যায়ে গ্রেপ্তার আসামিরা জামিনে মুক্তি পান।
এদিকে, ডরিনের বিরুদ্ধে নতুন করে ওঠা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি ডিবি।