
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক এবং বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) সুব্রত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাণীর রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে খামারিদের আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালনে উৎসাহিত করতে হবে। পাশাপাশি প্রাণীর রোগ প্রতিরোধ, উন্নত জাতের পশু পালন এবং উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।