
নিজস্ব প্রতিবেদক, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযান শেষে জব্দ করা ইয়াবা ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার পুকুরিয়া গ্রামের বজলুর মুন্সির ছেলে আবু হোরাইরা। তিনি পেশায় একজন গাড়িচালক।
স্থানীয়দের অভিযোগ, আবু হোরাইরা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় এলাকায় নানা ধরনের বিশৃঙ্খল আচরণ করে জনমনে আতঙ্ক ও বিরক্তির সৃষ্টি করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তল্লাশির সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উদ্ধার করা ইয়াবা উপস্থিত জনসাধারণের সামনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ভুপালী সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”