
গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরা এবং গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও উন্নয়ন ভাবনার প্রসারে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথির বক্তব্য দেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাস।
এছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য উপস্থাপন করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল আলিম, যুব জামায়াতের সভাপতি মতিউর রহমান, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ফরহাদ হোসেন এবং জুলাই যোদ্ধা হালিম মোল্যা।
বক্তারা গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তাঁরা সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও নাগরিক দায়িত্ব পালনের ওপর জোর দেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও এলাকার সর্বস্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।