
যশোরের বাঘারপাড়া উপজেলার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিত্রা মডেল কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ কহিনুর আলম-এর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আখতার। তিনি বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা কেবল পাঠদানেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে ওঠে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিক মূল্যবোধ বিকাশে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। আর এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।
কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক রুস্তম আলী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র প্রভাষক রফিকুল ইসলাম। এছাড়া কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা রক্ষা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।