
অফিস ডেস্ক :
যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার সংলগ্ন ধর্মগাতি গ্রামের চিত্রা নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে অভিযান পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে ধর্মগাতি গ্রামের জিহাদ আলী গাজীর ছেলে মোঃ খিলাত আলী গাজীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু, বন্দবিলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মিউটেশন সহকারী কর্মকর্তা উত্তম কুমারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (২০১০ সালের ৬২ নম্বর আইন) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
অবৈধভাবে নদী ও নদীতীর থেকে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।