
স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার লড়াইঘাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/১৩৮-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইমরানের আমবাগান থেকে তাদের আটক করা হয়।
হাবিলদার মোঃ সায়াদ হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
আটক দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।