
যশোরের কেশবপুরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটকের পর মোহনা টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন (২৬) ওরফে স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে। এর আগে ২২ নভেম্বর বিকেলে কেশবপুর পৌর ভবনের পেছনে পুরাপাড়া এলাকা থেকে এসসিপির নেতাকর্মীরা তাকে আটক করে থানায় হস্তান্তর করেন।কেশবপুর থানার এসআই মাসুম বিল্লাহ জানান, গত ১৮ সেপ্টেম্বর সকালে কেশবপুর পৌরসভার হাজী লস্কর মোড়ল সড়কের চিংড়া হোটেলের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করেন। এ সময় তারা লাঠিসোঁটা, লোহার রড, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। এ ঘটনায় ওই দিন কেশবপুর থানায় ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়ায় তাকে ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।