
মোঃ তাফসিরুল ইসলাম,
সিলেট থেকে শিক্ষাসফর শেষে যশোরে ফেরার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার একটি বাস। এতে মনিরামপুর পৌর শাখার সভাপতি হাদিউজ্জামানসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন গুরুতর আহত বলে জানা গেছে।
জানা যায়, গত ২৫ নভেম্বর রাতে যশোর থেকে সিলেটের উদ্দেশ্যে শিক্ষাসফরে রওনা হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার একটি দল। জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের নেতৃত্বে সফরে অংশ নেন জেলা শাখার সেক্রেটারিয়েটের সদস্যবৃন্দ এবং জেলা পূর্ব শাখার অন্তর্গত ৩২টি শাখার সভাপতি ও সেক্রেটারিরা।
শিক্ষাসফর শেষে গত ২৭ নভেম্বর রাতে সিলেট থেকে যশোরের উদ্দেশ্যে ফিরছিলেন তাঁরা। ফেরার পথে ২৮ নভেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে নরসিংদীর শেষ সীমানায় বাসটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় মনিরামপুর পৌর ছাত্রশিবিরের সভাপতি হাদিউজ্জামানের মুখে আঘাত লাগে। এ ছাড়া আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের সবাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।