
বাঘারপাড়া (যশোর), প্রতিনিধি: যশোর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা, ভাঙচুর ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘারপাড়া উপজেলা শাখা।
বক্তারা অভিযোগ করেন, একজন দীর্ঘদিনের মানসিক রোগে (সিজোফ্রেনিয়া) আক্রান্ত নারীকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে একটি পরিবারের ওপর হামলা, মব সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা বলেন, ঘটনার পর অধ্যাপক গোলাম রসুল তাঁর কন্যার চিকিৎসাসংক্রান্ত নথিপত্র প্রকাশ করে বিষয়টি ব্যাখ্যা করেছেন এবং প্রতিশোধ বা প্রতিহিংসার পরিবর্তে শান্তি, সংযম ও আইনের শাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর উদ্ধৃতি দিয়ে বক্তারা বলেন, তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বের কথা উল্লেখ করে প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বক্তারা আরও বলেন, মতপার্থক্য বা রাজনৈতিক বিরোধের কারণে আইন নিজের হাতে তুলে নেওয়া, হামলা-ভাঙচুর কিংবা মব সৃষ্টির মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের সহিংসতা বন্ধে সকলকে আইন মেনে চলার আহ্বান জানান।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলা, ভাঙচুর ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
ভিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা জামাতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল আব্দুল আলিম, মিছিলে বক্তব্য রাখেন উপজেলা সহকারি সেক্রেটারি জিল্লুর রহমান ছাত্রশিবিরের সভাপতি সাইদুল ইসলাম পৌর জামাতের সেক্রেটারি প্রফেসর আব্দুল হক বাঘারপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।