
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার চিত্রা মডেল কলেজের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রা মডেল কলেজের সভাপতি মো. শামীম আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কহিনুর আলম।
আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে এ দিবসের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম, হারান কুমার পাল, আনোয়ারা পারভীন, ইখলাসুর রহমান, আতাউর রহমান, ইলিয়াস হোসেন, মনিরুজ্জামান, রোকনুজ্জামান, হাসান কবির, তানিয়া সুলতানা, শায়লা শারমিন ও উম্মে সালমা রূপা। এছাড়াও কলেজের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপন কুমার দাস। শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মো. রুস্তম আলী (রেজা)।