
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার (৫ আগস্ট) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে স্থানীয় একটি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন শুহুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেফতা উদ্দিন শিকদার এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। তারা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও বলা হয়, দেশের স্বার্থে রাজনৈতিক সহনশীলতা, শান্তিপূর্ণ কর্মসূচি এবং জনগণের প্রত্যাশা পূরণে সকল গণতান্ত্রিক শক্তির দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বক্তারা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।