
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চিত্রা মডেল কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আবারও মনোনীত হয়েছেন শামীম আকতার। বুধবার যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. কবুয়াত আলী বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সভাপতি মনোনয়নের বিষয়টি জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কোহিনুর রহমান।
শামীম আকতার বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের ফজের আলী মোল্যার জ্যেষ্ঠ পুত্র। শিক্ষাজীবনে তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়ে এলএলবি ডিগ্রিও সম্পন্ন করেছেন তিনি।
শিক্ষাজীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন শামীম আকতার। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) হিসেবে দায়িত্ব পালন করছেন।
চিত্রা মডেল কলেজের সঙ্গে শামীম আকতারের সম্পৃক্ততা নতুন নয়। এর আগের মেয়াদেও তিনি কলেজটির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন উন্নয়ন ও শিক্ষাবান্ধব কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে কলেজ সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কলেজ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগের মেয়াদে মাত্র ছয় মাসের দায়িত্ব পালনকালে শামীম আকতার প্রতিষ্ঠানটির উন্নয়ন কার্যক্রমে ১৭ লাখ টাকা অনুদান দেন। তার দেওয়া এই অর্থ কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয় বলে সংশ্লিষ্টরা জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অস্তিত্ব ও এমপিও সুবিধা রক্ষায় তার পরিবারের পক্ষ থেকে ১০১ শতক জমি দান করা হয়েছে।
চিত্রা মডেল কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষা ও উন্নয়নে জমি দান এবং আর্থিক সহযোগিতার বিষয়টি স্থানীয়ভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কলেজ সংশ্লিষ্টদের মতে, প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে স্থানীয়ভাবে বিত্তবান ও সমাজসচেতন ব্যক্তিদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আবারও অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে শামীম আকতার মনোনীত হওয়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তার নেতৃত্বে কলেজটির একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ আরও উন্নত হবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
অধ্যক্ষ কোহিনুর রহমান বলেন, শামীম আকতার এর আগেও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারও তাকে সভাপতি মনোনীত করা হয়েছে। তার নেতৃত্বে প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, আগের মেয়াদে নেওয়া উন্নয়নমূলক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে নতুন মেয়াদে চিত্রা মডেল কলেজকে আরও আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।