
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া মহিলা কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সোহাগ। একই সঙ্গে তিনি বাঘারপাড়া কলেজের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব পাওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছেন বাঘারপাড়ার সাধারণ নাগরিক সমাজ।
শনিবার (৮ আগস্ট) এ উপলক্ষে ধলগ্রাম রাস্তা মোড় থেকে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। সাধারণ নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় নূরে আলম সোহাগকে বাঘারপাড়া মহিলা কলেজ ক্যাম্পাসে নিয়ে আসা হয়।
মোটরসাইকেল শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলী। এ সময় কলেজের শিক্ষক–কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়া মহিলা কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
নূরে আলম সোহাগকে বরণ করে নিতে মোটরসাইকেল শোভাযাত্রায় ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যায়। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ নাগরিকরা তাকে শুভেচ্ছা জানান। পরে কলেজ ক্যাম্পাসে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
জানা গেছে, নূরে আলম সোহাগ ইতিপূর্বে বাঘারপাড়া কলেজের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এবার তাকে বাঘারপাড়া মহিলা কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে। ফলে বাঘারপাড়া উপজেলার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তার সাংগঠনিক ও প্রশাসনিক সম্পৃক্ততা তৈরি হয়েছে।স্থানীয় নাগরিক সমাজের নেতৃবৃন্দ মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও উন্নয়নে অভিজ্ঞ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।