
বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় পূর্বশত্রুতার জেরে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তুষার আলী (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ক্ষেত্রপালা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত তুষার আলী ওই গ্রামের ফোকর মৃধার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি তুষারকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে গ্রামের আবুলের মেহগনি বাগানের কাছে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।
হামলার একপর্যায়ে তুষার হামলাকারীদের হাত থেকে ছুটে পাশের নিহারের বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালের তৃতীয় তলার ১০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
আহত তুষার জানান, হামলাকারীরা তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করে। তিনি মাথা সরিয়ে নিলে ধারালো অস্ত্রের কোপটি তার বাম হাতের ওপরের অংশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
তুষারের দাবি, হামলায় প্রায় পাঁচজন ব্যক্তি অংশ নিলেও তিনি তাদের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন। তারা হলেন—ক্ষেত্রপালা গ্রামের লালটুর ছেলে শিমুল এবং নসির বিশ্বাসের ছেলে রহমত। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তুষারের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বাঘারপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।