
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের বড়খুদড়া গ্রামের ঐতিহ্যবাহী হাজী বাগু শমসের বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বেঞ্চ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিদ্যালয়ে এসব বেঞ্চ প্রদান করা হয়। বেঞ্চগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আখতার।
এ সময় উপস্থিত ছিলেন বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক মণ্ডল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হালিম বিশ্বাস, মহিলা ইউপি সদস্য শিউলি বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল কবির মিঠু, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু সরকারের ওপর নির্ভর না করে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখবে এবং তাদের পাঠদানে আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ এ সহযোগিতার জন্য আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীরাও নতুন বেঞ্চ পেয়ে আনন্দ প্রকাশ করে।